শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বেরোবিতে নানা আয়োজনে মহান শহিদ দিবস পালিত

রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নানা আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলা ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। র‌্যালিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন কমিটির আহ্বায়ক ও বেরোবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিজন মোহন চাকীর সভাপতিত্বে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বাংলা ভাষার জন্য জীবন বিসর্জন দেওয়া ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান নতুন প্রজন্মের কাছে মহান একুশে ফেব্রুয়ারির সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বাংলা ভাষার আন্দোলনের প্রেক্ষাপটগুলি সঠিকভাবে সংকলনের মাধ্যমে বাংলাদেশ অধ্যয়নে তুলে ধরার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী ও নান্দনিক শহিদ মিনার নির্মাণের বিষয়কে মাস্টারপ্ল্যানের মধ্যে অর্ন্তভুক্ত করার কথা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন আমাদেরকে বিশ্বের সকল মাতৃভাষার যথাযথ গুরুত্ব অনুধাবন ও সম্মান প্রর্দশন করতে শেখায়। প্রমিত বাংলা ভাষা রক্ষায় সবাইকে সচেতন হবার আহবান জানান তিনি। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ বলেন, অনেক সময় ইংরেজি শব্দের সঠিক বাংলা অর্থ খুঁজে পাওয়া যায় না। উপযুক্ত ও শুদ্ধ বাংলার ব্যবহারে আরও বেশি গবেষণা প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শফিকুর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী, তৃতীয় শ্রেণী কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাসুম খাঁন, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম প্রমুখ। এতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কুন্তলা চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন কমিটির সদস্য সচিব ও প্রক্টর মো. শরিফুল ইসলাম।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালো ব্যাজ ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিত করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, তৃতীয় শ্রেণি কর্মচারী অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, বেরোবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ ছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মহান ভাষা আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত