বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন পঞ্চগড়-২ আসনের সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সোমবার(২০ এপ্রিল) সকাল ১০ টায় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রঙিন বেলুন উড়িয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশাসন) সুমন চন্দ্র দাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পিপি আদম সুফি, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, অভিভাবক এবং শিশুরা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হবে। বন্ধের দিন ছাড়া আগামী ১০ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে।
টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলায় ১ হাজার ১০৯টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে ১৪৩ জন টিকাদান কর্মী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ২৬৪টি অতিরিক্ত টিম এবং ১৩৮ জন প্রথম সারির পরিদর্শক দায়িত্বে থাকবেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমরা শিশুদের জীবন রক্ষার জন্য জাতীয় পর্যায়ে অঙ্গীকারবদ্ধ। টিকাদান কার্যক্রমে গ্যাপ তৈরি হওয়ায় হাম-রুবেলা দেশের ৫৬টি জেলায় ছড়িয়ে পড়ে। এর মধ্যে ৫ বছরের নিচের শিশুদের আক্রান্তের হার ৮১ শতাংশ এবং ৯ মাস বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার ৩৪ শতাংশ।”
তিনি আরও বলেন, পঞ্চগড়ে এখন পর্যন্ত হাম-রুবেলার কোনো পজিটিভ রোগী পাওয়া যায়নি। তিনি কোনো প্রকার গুজবে কান না দিয়ে সকলকে তাদের শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।







