এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাবেদ আলীর যত অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে ছাত্র ছাত্রীরা। অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় কলেজের ছাত্র ছাত্রী ও প্রভাষক, কর্মচারীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত সোমবার কলেজের ছাত্র ছাত্রী ও প্রভাষক সহ সকলে লাখাই আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করে ও যানচলাচল বন্ধ করে দেয়। এবং অধ্যক্ষ জাবেদ আলীর অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে এবং পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করে। এ সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের ও ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে কলেজের সভা কক্ষে বসে উপস্থিত সবাইকে সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান বলেন আপনার কোন প্রকার আন্দোলন না করে নির্বাহী মহোদয় এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দাখিল করে। উল্লেখ অধ্যক্ষ জাবেদ আলীর অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে বিগত ১৯ সেপ্টেম্বর ২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগ এর প্রেক্ষিতে ১৮ নভেম্বর ২০২১ সালে উপপরিচালক শারীরিক শিক্ষা মোঃ আক্তারুজ্জামান ভুঁইয়া ও সহকারী পরিচালক এইচ আর এম আশেকুল হক অধ্যক্ষ জাবেদ আলীর উপর আনীত অনিয়ম ও দূর্নীতির তদন্তকালীন সময়ে উভয় পক্ষের বক্তব্য ও দাখিলি কাগজপত্র পর্যালোচনা শেষে বিগত ১৭ ফেব্রুয়ারী ২০২২ সালে মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় জাবেদ আলীর নিয়োগ অবৈধ, অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে প্রায় ২৪ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে, এবং এই কলেজে একজন বিসিএস ক্যাডারের অধ্যক্ষ নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করা হয়। এই প্রতিবেদন এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব হবিগঞ্জ জেলা প্রশাসক কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য একটি পত্র প্রেরন করা হয়। কিন্তু কাজের কাজ এখন পর্যন্ত অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের ছাত্রবৃন্দ স্মারক লিপি দিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় কে ছাত্রদের দেয়া স্মারক লিপি প্রেরন করা হয়েছে।










