মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: কনকনে শীতে বিপর্যস্থ উত্তরাঞ্চলের জনজীবন । ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় এ অঞ্চলের মানুষের কষ্ট বেড়েছে। শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকায় এরইমধ্যে কুড়িগ্রাম জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রচন্ড ঠান্ডায় কাজ করতে না পারায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে বহুগুন।
প্রতি বছরের মতো এবারো কুড়িগ্রামের চিলমারীতে এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ডা. লুৎফর রহমান ফাউন্ডেশন। শনিবার উপজেলার চিলমারী,নয়ারহাট ও অষ্টমীরচর ইউনিয়নের এক হাজার পাঁচশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করে ডা. লুৎফর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. ফারুকুল ইসলাম ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন, শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, চিলমারী উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম স্বপন, সহকারী শিক্ষক মোঃ হারুনুর রশীদ, রায়হান কবীর,প্রেস ক্লাব চিলমারীর সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ।
উল্লেখ্য ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফাউন্ডেশনটি অত্র এলাকায় হতদরিদ্র রোগীদের স্বাস্থ্যসেবা, বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তাসহ সামাজিক ও সাংস্কৃতিক নানা কাজে অবদান রেখে আসছে।








