বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রৌমারীতে মধুমতি ব্যাংকের এজেন্ট পয়েন্ট উদ্বোধন, গ্রাহক সেবায় নতুন দিগন্ত

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মধুমতি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা চত্বর এলাকায় স্থাপিত রৌমারী সদর এজেন্ট পয়েন্টটি ব্যাংকের হেড অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম আকন্দ, উপজেলা জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, উপজেলা যুবদলের সদস্য ওয়ালিদ বিন বকুলসহ আরও অনেকে। রৌমারী সদর এজেন্ট পয়েন্ট দায়িত্বে থাকবেন সোহেল।

অনুষ্ঠানে বক্তব্য দেন মধুমতি ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এসইও অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আনোয়ার হোসেন। তিনি বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রৌমারীতে এই এজেন্ট পয়েন্ট চালুর মাধ্যমে স্থানীয় জনগণ সহজে লেনদেন, সঞ্চয় এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

এসময় মধুমতি ব্যাংক পিএলসির এভিপি ও শাখা ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মধুমতি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রৌমারীর এই এজেন্ট পয়েন্ট এলাকার অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই এজেন্ট পয়েন্টের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা পাবেন। পাশাপাশি ডিজিটাল লেনদেনের প্রসার ঘটবে এবং নগদবিহীন অর্থনীতির দিকে অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।

সম্পর্কিত