নিজস্ব প্রতিবেদকঃ
প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে একটি আধুনিক আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। কুড়িগ্রাম সদর উপজেলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় এ কেন্দ্রটি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই অবকাঠামো নির্মাণসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করা হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
প্রস্তাবিত এ কেন্দ্র চালু হলে স্থানীয় তরুণদের জন্য আইটি দক্ষতা অর্জন, ফ্রিল্যান্সিং এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের পথ তৈরি হবে এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণও বৃদ্ধি পাবে।
এদিকে, চলতি অর্থবছরে কুড়িগ্রাম-২ এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য ৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এ অর্থ ব্যয় করা হবে।
সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, আইটি ইনকিউবেশন সেন্টারটি বাস্তবায়িত হলে কুড়িগ্রামে প্রযুক্তিভিত্তিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চলে অর্থনৈতিক গতিশীলতা আরও বাড়বে।







