শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ রূপার অলঙ্কারসহ আটক ১

রাজবাড়ীতে অবৈধ রূপার অলঙ্কারসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট অবৈধ রূপার অলঙ্কারসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ মে) দুপুরে পুলিশ সুপার রাজবাড়ী জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম এর দিক নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে ডিবির উপ পুলিশ পরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় জনৈক হযরত আলীর চায়ের দোকানের সামনে রাজবাড়ী – ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপর ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটগামী কবির ডিলাক্স নামক একটি গাড়ি তল্লাশি করে মীর হালিম হোসেন (২৮) নামে একজনকে আটক করে।

আটককৃত মীর হালিম হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মির্জাপুর গ্রামের মীর হাসেম আলীর ছেলে।

ডিবির হাতে আটক মীর হালিম হোসেনকে তল্লাশি করে ২৩৭ টি রূপার নুপুর, যার মোট ওজন ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট, যার আনুমানিক মূল্য ৬,৯৪,০০০/-(ছয় লক্ষ চুরানব্বই হাজার) টাকাসহ গ্রেফতার করেন।

সে চোরা চালানোর মাধ্যমে ভারত থেকে চোরাই পথে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চারটি পার্স ব্যাগের মধ্যে উল্লেখিত পরিমাণ রুপার অলংকার ভরে তার পরিহিত প্যান্টের নিচে কাপড় দিয়ে বেঁধে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ এর ২৫ (খ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উবস/আরএ

সম্পর্কিত