রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

জয়দেবপুরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

দুর্ঘটনাকবলিত টাঙ্গাইল কমিউটার

উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেন দুটির মোট নয়টি বগি লাইমচ্যুত হয়েছে।

এ ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকা অভিমুখে দিকে যাওয়ার পথে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটারে যাত্রীসংখ্যা কম থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে জয়দেবপুরের রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, টাঙ্গাইল কমিউটার ও একটি তেলবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সিগন্যালম্যানের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে তেলবাহী ট্রেনের পাঁচটি এবং যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।

এ দুর্ঘটনায় কমিউটার ট্রেনের লোকোমাস্টারসহ (ট্রেনের চালক) চারজন আহত হয়েছেন। এ সময় তিনি কমিউটার ট্রেনটিতে যাত্রী কম থাকায় কম মানুষ হতাহত হয়েছেন বলে জানান।

এ বিষয়ে একজন উদ্ধারকর্মী জানান, শুক্রবার টাঙ্গাইল কমিউটার ট্রেনটির অফ ডে। অন্যান্য দিন ট্রেনটি জয়দেবপুর স্টেশনে থামলেও আজ বন্ধ থাকায় এটি স্টেশনটি থ্রু পাস করার কথা ছিল। অপরদিকে ঢাকা থেকে আসা তেলবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। এখানে আপলাইন ও ডাউনলাইন আছে, কিন্তু কী কারণে ট্রেন দুটি মুখোমুখি হল সে বিষয়ে তদন্তের পর জানা যাবে।

ঘটনার পর গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আহত চারজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর থেকে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হয়েছেি। পাশাপাশি দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করতে পদক্ষেপ নেওয়ার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সম্পর্কিত