বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃরাজবাড়ী বালিয়াকান্দিতে প্রাণট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর কেন্দ্রীয় মহাশ্মশানের পাশে ইট টানা ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজমিস্ত্রি সবুজ হোসেন (১৭) গুরুতর আহত হলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কিশোর রাজমিস্ত্রি সবুজ বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের মোঃ আখতার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে বহরপুর থেকে বালিয়াকান্দির দিকে যাওয়ার পথে অপর দিক থেকে আশা ড্রাম ট্রাক (ফরিদপুর ট – ১১ – ০৪০৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হলে জরুরী বিভাগের চিকিৎসক মোটরসাইকেল আরোহী রাজমিস্ত্রি সবুজকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করে বালিয়াকান্দি থানায় নিয়ে যাওয়া হয়েছে।






