দিনাজপুর প্রতিনিধি | মো. ওমর ফারুক:
১৯ এপ্রিল দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ পিনাক চৌধুরী জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
বক্তব্যে তিনি দীর্ঘদিন বন্ধ থাকা সেতাবগঞ্জ সুগার মিল দ্রুত চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিরল উপজেলায় লিচু গবেষণাগার, কোল্ড স্টোরেজ ও রপ্তানি জোন স্থাপনের দাবি জানান, যা স্থানীয় কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও ধর্মপুর শালবন এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা, বিরল ল্যান্ড পোর্ট চালু এবং দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত বুলেট ট্রেন চালুর বিষয়েও তিনি দাবি উত্থাপন করেন। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে সরকারের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতের উন্নয়নে বিরল ও বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা এবং চিকিৎসা সেবার গুণগত মান নিশ্চিত করার বিষয়েও জোর দেন সংসদ সদস্য।
জাতীয় সংসদে এলাকার এসব গুরুত্বপূর্ণ দাবি সাবলীলভাবে উপস্থাপন করায় বিরল ও বোচাগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।












