সাধীন আলম হোসেন:শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকা এখন দিনের বেশির ভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
গতকাল সোমবার দেশের ভেতরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছিতে। সেখানে তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। যা শৈত্যপ্রবাহের কাছাকাছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে সেটিকে শৈত্যপ্রবাহ বলেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তাপমাত্রা আরও কমে আগামীকাল বুধবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আজ মঙ্গলবার রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
নওগাঁর বদলগাছির কাছাকাছি গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, বাড়বে শীত
তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।










