মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীর পাংশায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান যাত্রী ইসরাত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন সুমাইয়া (১৮) ও ভ্যানচালক হেলাল গুরুতর আহত হয়েছে। মৃত শিশু ও আহত সুমাইয়া উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের দুলাল মাস্টারের মেয়ে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টায় পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সুমাইয়া ও তার ছোট বোন মৈশালা বাসস্ট্যান্ড থেকে ভ্যানযোগে বাড়ি যাচ্ছিল। পথে রাজবাড়ী থেকে আসা একটি প্রাইভেট কার পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সুমাইয়া গুরুতর আহত হলেও ইসরাত ঘটনাস্থলেই মারা যায়। এতে ভ্যানচালকও আহত হয়।
এ ব্যাপারে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: তানসু সুমা জানান, দুর্ঘটনায় শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। সুমাইয়া নামের একজন গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।













