শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শুরু হচ্ছে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের উরস শরীফ

আহসান হাবিব, স্টাফ রিপোর্টার:ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলি হজরত মাওলানা শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরি চার দিনব্যাপী পবিত্র উরস শুরু হচ্ছে আগামীকাল শনিবার। এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী সামিয়ানা ও তাঁবু টাঙানো হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন স্থান হতে সড়ক ও নৌপথে আশেকান ও জাকেরানরা ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হচ্ছেন।
উরস উপলক্ষে আজ শুক্রবার লক্ষাদিক মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়।
জাকের মঞ্জিল কর্মী গ্রুপের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, ‘শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হবে।’
প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র উরস শরীফ সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান এবারের ওরসে অংশ নিবেন বলে আয়োজকেরা আশা করছেন।
বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের মতো এ বছরও অসংখ্য আশেকান- জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হবেন। উরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন রাখবার জন্য পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
তিনি বলেন, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী কেবলাজান সাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালীন চার দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন । মঙ্গলবার ফজর নামাজ পর শাহসুফি ফরিদপুরী রওজা জিয়ারত করা হবে। এরপর দেশ ও বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই উরস শরীফ।

সম্পর্কিত