বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি আদালতে আত্মসমর্পণ করেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত কিশোর পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে হেফাজতে নিয়ে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে দেবীগঞ্জ পৌরসভার এক বাড়ির সামনে পাঁচ বছরের শিশুকে খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ১৪ বছরের ওই কিশোর। এ ঘটনায় শিশুটির বাবা দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন আসামির গ্রেফতারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পুলিশ জানায়, আসামি গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছিল।
পঞ্চগড় আদালতের কোর্ট ইন্সপেক্টর খান মোঃ শাহরিয়ার জানান, “আদালত অভিযুক্ত কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
উল্লেখ্য যে, বর্তমানে ভুক্তভোগী শিশুটি পঞ্চগড় সদর হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে বাড়িতে অবস্থান করছে।







