বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় পরিচয়পত্রে মৃত থেকে জীবিত হতে সশরীরে বালিয়াকান্দি নির্বাচন অফিসে আসেন সুশান্ত কুমার সরকার। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের চাপড়ী গ্রামের শান্তিরাম সরকারের ছেলে।
সোমবার (৬ মে) তিনি উপজেলা নির্বাচন অফিসারের নিকট জীবিত হওয়ার জন্য আবেদন করেছেন।
সুশান্ত কুমার সরকার বলেন, দেশে যখন জাতীয় পরিচয়পত্রের কাজ হয় তখনই আমি ভোটার হই এবং ২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র হাতে পাই। এরপর থেকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল কাজ আমি আমার আইডি কার্ড দিয়ে করি। গত সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারি আমি আর পৃথিবীতে নেই। আমার জাতীয় পরিচয়পত্রের স্টাটাস মৃত দেখাচ্ছে। যার কারণে আমি আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে কোনো কাজ করতে পারছি না বিধায় মৃত তালিকা হতে ভোটার তালিকায় জীবিত হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য নির্বাচন অফিসে আবেদন করেছি। বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান বলেন, একটি আবেদন পেয়েছি। মূলত ডাটা বেজে ভুলক্রমে এটা হয়েছে।





