শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

পুলিৎজার জিতল রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট

পুলিৎজার স্বর্ণপদক

বিশ্ব ডেস্ক: ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এবং মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট পুলিৎজার পুরস্কার-২০২৪ জিতেছে। এ ছাড়াও অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কাজ করা মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান প্রোপাবলিকা পুলিৎজারের সবচেয়ে সম্মানজনক পুরস্কার জনসেবা (পাবলিক সার্ভিস) শাখায় বিজয়ী হয়েছে।

সোমবার (০৬ মে) যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘পুলিৎজার স্বাধীন বোর্ড’ প্রতিবছরের মতো সাংবাদিকতার নোবেলখ্যাত এ পুরস্কারের বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে গাজায় চলমান ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে সংবাদ প্রকাশের বিষয়টি বড় ভূমিকা রেখেছে। এরই পরিপ্রেক্ষিতে পুলিৎজারের ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে গাজা সংঘাত নিয়ে বেশ কয়েকটি ছবি প্রকাশ করায় রয়টার্স পুরস্কার পেয়েছে এবার।

পাশাপাশি এ বছর গাজায় নিহত পাঁচ বছরের এক শিশুর মরদেহ জড়িয়ে ধরে থাকা এক ফিলিস্তিনি নারীর ছবি তোলায় ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন রয়টার্সের আলোকচিত্রী মোহাম্মদ সালেম।

এ ছাড়াও গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও তারপর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ও বর্বর আগ্রাসন নিয়ে বৃহৎ পরিসরে প্রতিবেদন প্রকাশ করায় ‘ইন্টারন্যাশনাল রিপোর্টিং’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

অপর দিকে, জেলবন্দি রাশিয়ার বিরোধীদলীয় রাজনীতিবিদ ও ওয়াশিংটন পোস্টের নিবন্ধলেখক ভ্লাদিমির কারা-মুর্জাকেও পুলিৎজার দেওয়া হয়েছে। কারান্তরীণ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়েই বেশ আলোচিত কিছু বিষয়ে নিবন্ধ লেখার কারণে এই পুরস্কার পেয়েছেন তিনি।

উল্লেখ্য, কারা-মুর্জা রাশিয়ায় ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তৃতায় রাশিয়া ইউক্রেনে ‘যুদ্ধাপরাধ’ করছে বলে উল্লেখ করায় তার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ তোলা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সমালোচকদের মধ্যে তিনিই দীর্ঘতম সাজা পাওয়া ব্যক্তি।

এ দিকে পুলিৎজারের ‘ফিকশন অ্যাওয়ার্ড’ জিতেছেন সাহিত্যিক জেন অ্যান ফিলিপস। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলাকালীন ও তার পরবর্তী সময়ে এক মা ও তার মেয়েকে নিয়ে লেখা উপন্যাস ‘নাইট ওয়াচ’ এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এ ছাড়াও, ‘এ ডে ইন দ্য লাইফ অফ আবেদ সালামা: অ্যানাটমি অব এ জেরুজালেম ট্র্যাজেডি’ বইয়ের জন্য পুলিৎজারের ‘ননফিকশন’ পুরস্কার পেয়েছেন মার্কিন ইহুদি লেখক নাথান থ্রাল।

প্রসঙ্গত, ১৯১৭ সাল থেকে সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত এই পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য ২২টি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি স্বাধীন বোর্ড প্রতি বছর এ পুরস্কারবিজয়ীদের নাম ঘোষণা করে থাকে।

সম্পর্কিত