মোঃ আমিরুল হক, রাজবাড়ী:
রাজবাড়ীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নদীতে থাকা জেলেদের জলের ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। প্রতিনিয়তই জেলেদের জালে আটকা পড়ছে বড় আকৃতির বাঘাইড়, বোয়াল, কাতলা, রুই সহ বিভিন্ন প্রজাতির বড় মাছ।
বুধবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে চর কর্ণসোনা এলাকায় জেলে জব্বার মন্ডলের জালে ১৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়ে। সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া আড়তে ২ হাজার ২০০ টাকা দরে ২৮ হাজার ৬০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ সম্রাট। মাছটি ২ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৫৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
বৃহস্পতিবার ( ৪ জুলাই) বিকেলে ১৩ কেজি ওজনের একটি কাতল মাছ জেলের জালে ধরা পরে। মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৯ শত টাকায় ক্রয় করেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মোঃ শাহজাহান মিয়া সম্রাট। মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।
এর আগে বৃহস্পতিবার একই দিনে সকাল ৯ টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে জেলে সিরাজুলের জালে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ে। সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটের আড়তে মাছটি নিয়ে আসলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৫০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ সম্রাট। পরে মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় বিক্রি করেন এক ব্যবসায়ীর নিকট।
শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান মিয়া সম্রাট বলেন, ২৫ কেজির বাঘাইড়, ১৩ কেজির বোয়াল ও ১৩ কেজি ওজনের কাতল মাছ ৩টি ক্রয় করেছিলাম। মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে অল্প লাভে বিক্রি করে দিয়েছি।
তিনি বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকদিন ধরে জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় আকৃতির বোয়াল, কাতল, বাঘাইড়, রিটা, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সুস্বাধূ মাছ পাওয়া যাচ্ছে। আমরা জেলেদের কাছ থেকে ক্রয় করে মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, শিল্পপতিদের সাথে যোগাযোগ করে সামান্য লাভে বিক্রি করি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, পদ্মা নদীর মাছ সুস্বাদু হওয়ায় তার চাহিদা বেশি। বর্তমানে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় মাছ ধরা পড়ছে।










