বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ছয় হেভিওয়েট নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) হাইকোর্ট থেকে আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জানা যায়, হাইকোর্ট থেকে তাঁরা ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন, মামলার তদন্ত ও পরবর্তী শুনানি পর্যন্ত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আটক ব্যক্তিরা হলেন- দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তবিবর রহমান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ হাসিনুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরে আরিফ। তবে আসম নুর নেওয়াজ শারীরিক অসুস্থতার কারণে জামিনে মুক্তি পান।
উল্লেখ্য, গত ১৬ মে “কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন” এর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আসামিরা দেবীগঞ্জে নাশকতার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে। বৈঠকের আট মিনিটের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়।
এরপর ঘটনায় ৫ জুন ২০২৫ ইং তারিখে পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার ফয়জুল ইসলামের ছেলে জুয়েল রানা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭২ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৩০০–৫০০ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।










