শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

তিস্তাপাড়ে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি, “জাগো বাহে, তিস্তা বাঁচাও”

oppo_2

মোঃমকবুলার রহমান,স্টাফ রিপোর্টার,নীলফামারীঃ

তিস্তা নদীর তীরে আজ এক ঐক্যবদ্ধ প্রতিবাদ—স্লোগান উঠেছে, “জাগো বাহে, তিস্তা বাঁচাই।” রংপুর অঞ্চলের তিস্তা-পাড়ের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার মানুষেরা ৪৮ ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তিস্তার ন্যায্য পানির হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই আন্দোলন শুরু হয় সোমবার সকাল থেকে।

মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
তিস্তা নদী রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু জানালেন, “সকাল থেকেই মানুষ তিস্তা-পাড়ে জড়ো হচ্ছেন। কয়েক লাখ মানুষের সমাগম হবে। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং মহাপরিকল্পনার বাস্তবায়ন হলো এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।” তিনি আরও জানান, ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির পাশাপাশি পালাগান, সারিগান, ভাওয়াইয়া, লালনগীতি ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে।

জীবন-জীবিকার সংকট
তিস্তা নদী উজানে ভারতের নিয়ন্ত্রণে থাকায় বর্ষাকালে ভয়াবহ বন্যা আর শুষ্ক মৌসুমে মরা নদীর বাস্তবতা মেনে নিতে হয় তিস্তা-পাড়ের মানুষকে। পানির অভাবে কৃষকরা সেচ দিতে পারেন না, জেলেদের মাছ ধরা বন্ধ হয়, মাঝিরা বেকার হয়ে পড়ে। নদী ভাঙনে প্রতিবছর হাজার হাজার পরিবার বসতভিটা ও আবাদি জমি হারায়।

চর গোকুন্ডার কৃষক নূর ইসলাম জানালেন, “সকাল থেকে এখানে এসেছি। রাতে থাকার জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। আমরা নদী ও জীবন বাঁচাতে এই লড়াইয়ে নেমেছি।”

প্রকৌশলীর ভাষ্য
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বললেন, “বাংলাদেশে তিস্তা নদীর দৈর্ঘ্য ১১৫ কিলোমিটার। তিস্তা ব্যারেজের উজানে ২০ কিলোমিটার ও ভাটিতে ৯৫ কিলোমিটার এলাকা শুকিয়ে গেছে। গড়ে ২,৮০০ কিউসেক পানি দিয়ে ছয় জেলার ৫৫ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে। চুক্তি অনুযায়ী পানি পেলে ভাটিতেও সারা বছর প্রবাহ থাকত।”

আশা ও অঙ্গীকার
তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হলে নদী হয়ে উঠবে এই অঞ্চলের জন্য আশীর্বাদ। আন্দোলনকারীরা বলছেন, “সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি আসবে।”

তিস্তা-পাড়ের মানুষ জানে, এই নদী শুধু তাদের জীবন-জীবিকা নয়, অস্তিত্বের লড়াইও। তাই স্লোগান গর্জে ওঠে, “জাগো বাহে, তিস্তা বাঁচাই।”

সম্পর্কিত