মো: ফারুক মিয়া, কুড়িগ্রাম:
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। টানা পাঁচ দিন নানা আনুষ্ঠানিকতা শেষে আগামী ২ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ ধর্মীয় আয়োজন।
এবারের দুর্গাপূজাকে ঘিরে কুড়িগ্রাম জুড়ে বিরাজ করছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। পূজার সময় সর্বস্তরের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হবে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পূজা মণ্ডপে দায়িত্ব পালন করবেন আনসার-ভিডিপি সদস্যরা। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ বছর জেলার নয় উপজেলা ও তিনটি পৌরসভায় ৫৩৫টি পূজা মণ্ডপে মোট ৩৩৭২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।
কুড়িগ্রাম আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এ.এস.এম. সাখাওয়াৎ হোসাইন বলেন, পূজা নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে।










