শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কালাইয়ে সরকারি চাল বিক্রির চেষ্টা, তিনজনকে জরিমানা

সুকমল চন্দ্র বর্মন (পিমল),উপজেলা প্রতিনিধিঃ

খাদ্যবান্ধব কর্মসূচি (ভিডব্লিউবি) প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে জয়পুরহাটের কালাই উপজেলায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৬৬৬ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল জব্দ ও তিনজনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় বাজারের একটি গুদাম ও কয়েকটি ভ্যান থেকে সরকারি চাল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার এবং আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জব্দকৃত চাল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুন্নবীর উপস্থিতিতে জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, “সরকারি চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে আমরা অভিযান পরিচালনা করেছি। জব্দকৃত চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের প্রক্রিয়া চলছে।”

ইউএনও আরও জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত