প্রতীকী ছবি
বিশ্ব ডেস্ক: কানাডায় পড়াশোনার চেয়ে কাজে বেশি ব্যস্ত থাকার কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিদেশি শিক্ষার্থীদের সাপ্তাহিক কাজের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বিদেশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পারফরম্যান্স উন্নত করতে কানাডা সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে ২৪ ঘণ্টার বেশি কলেজ ক্যাম্পাসের বাইরে কাজ করার অনুমোদন পাবেন না। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ম কার্যকর হবে।
তবে দেশটিতে এতদিন বিদেশি শিক্ষার্থীদের ২০ ঘণ্টার বেশি ক্যাম্পাসের বাইরে কাজ করার অনুমোদন ছিল বলে জানা গেছে।
কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন, শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রতি সপ্তাহে ২০ ঘণ্টার বেশি কাজ করার অনুমতি দেওয়ার অস্থায়ী নীতির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হয়েছে। এটি আর বাড়ানো হচ্ছে না। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য হলো প্রতি সপ্তাহে ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের কাজের সময়সীমা ২৪ ঘণ্টায় নামিয়ে আনা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মহামারী করোনার সময়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য ২০ ঘণ্টা কাজের সময়সীমা ছিল, তা অস্থায়ীভাবে তুলে নিয়েছেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের সপ্তাহে ২৪ ঘন্টা পর্যন্ত কাজ করার অনুমতি দিলে তারা তাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে পারবেন বলে দাবি করে বলেন, ক্যাম্পাসের বাইরে কাজ করা বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের এটি অনেক উপকৃত হবে। তাদের কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শিক্ষাগ্রহণেও কোনো কমতি থাকবে না।
সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে যারা প্রতি সপ্তাহে ২৮ ঘণ্টার বেশি কাজ করেন তাদের অ্যাকাডেমিক পড়াশোনায় দক্ষতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এমতাবস্থায় নিজেদের দেশের শিক্ষার মান ধরে রাখতে বিদেশি শিক্ষার্থীদের এই সাপ্তাহিক কাজের সময়সীমা হ্রাসের উদ্যোগ নিলো উত্তর আমেরিকার দেশটি।













