বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রজগোপাল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম। তিনি বলেন, “শিক্ষাই মানুষের জীবনের মূল ভিত্তি। বিদায় মানে শেষ নয়, বরং নতুন পথচলার শুরু। তোমাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে হবে। সততা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সোনাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল, দেবীগঞ্জ মহিলা কলেজের প্রভাষক নুরে-আলম টুটুল, সোনাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান টুটুল এবং সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন বক্তব্য ও ছন্দময় কবিতা আবৃত্তির মাধ্যমে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়। অনুষ্ঠানের সভাপতি মো:। মশিউর রহমান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।







