নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেন।
পরিদর্শনকালে তিনি কাশির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢেঁকিয়ারাম মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপজেলা ত কর্মকর্তা নার্গিস তোকদারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও আগ্রহ সৃষ্টি করতে হবে। ছোট ছোট স্বীকৃতি ও উৎসাহই তাদের বড় স্বপ্ন দেখতে শেখায়।”
তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং বিদ্যালয়মুখীতা আরও জোরদার হবে বলে স্থানীয়দের অভিমত। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এমন কার্যক্রম শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











