বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ ১২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে ১১ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এবং অপর এক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকের আসর থেকে তাদের আটক করেন। এসময় তহমিনা বেগমের কাছে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাল ট্যাবলেট পাওয়া যায়।
আটককৃত ১১ জন মাদকসেবীর অপরাধ প্রমানিত হওয়ায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ হানিফ; নগর ভাউলাগঞ্জ এলাকার হানিফ ইসলামের ছেলে মোঃ মিস্টার (২৩); টোকরাভাষা এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৬); ভাউলাগঞ্জ এলাকার সাহাব আলীর ছেলে মোঃ রনি ইসলাম (২৪); ভূজারীপাড়া এলাকার সিতিন রায়ের ছেলে কমল রায় (২৫); ভাউলাগঞ্জ এলাকার মৃত জাহাঙ্গীর আললমের ছেলে মোহাম্মদ তৌকির (৩৪)।
এছাড়া পাশ্ববর্তী বোদা উপজেলার বড় শশী ডাঙ্গাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে মোঃ মামুনুর রশিদ; বড়শশী নুরপুর এলাকার মৃত আতাআয়ায়াউর রহমানের ছেলে রাগিব এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার সাব্দিগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ পারভেজ আলম (২৭) ও শহর আলীর ছেলে মোঃ জহিরুল।
অভিযানে আটককৃত নগর ভাউলাগঞ্জ এলাকার মৃত মজিবুর রহমানের স্ত্রী তাহমিনা বেগম (৭৫) এর কাছে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকবিরোধী চলমান অভিযানে গতকালের আটককৃত ১১ জনকে বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ট্যাপেন্ডাডলসহ গ্রেফতার তাহমিনা বেগমের বিরুদ্ধে প্রক্রিয়াধীন রয়েছে”। মাদকবিরোধী এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।










