সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে প্রতিমন্ত্রী আজাদের কড়া নির্দেশ, ‎মাদকবিরোধী অভিযানে ৩ দিনে ১৫ জন গ্রেফতার

দেবীগঞ্জে প্রতিমন্ত্রী আজাদের কড়া নির্দেশ, ‎মাদকবিরোধী অভিযানে ৩ দিনে ১৫ জন গ্রেফতার‎বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনার পর মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতা শুরু করেছে প্রশাসন। গত তিন দিনে পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎সোমবার (৩০ মার্চ) দুপুর ২টা ও বিকাল ৪টায় পরিচালিত পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে আটক ৭ জনকে সাজা দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জনকে এক বছর, ২ জনকে ছয় মাস এবং ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
‎পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবীদুবা প্রধানপাড়া এলাকায় রশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
‎দণ্ডপ্রাপ্তরা হলেন- পূর্ব দেবীদুবা প্রধানপাড়া এলাকার মৃত শবদের আলীর ছেলে মো. রশিদুল ইসলাম (৪০), সবুজপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৭), থানাপাড়া এলাকার মোহাম্মদ বাবু ইসলামের ছেলে শাহিন আলম (২৫) এবং বাজারপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩০)।

‎অপরদিকে, স্থানীয় তরুণদের সহযোগিতায় পরিচালিত দেবীগঞ্জ থানা পুলিশের আরেকটি অভিযানে আরও ৩ জন মাদকসেবীকে আটক করা হয়। এ সময় জুয়েল ইসলামের কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জুয়েল ইসলামকে ১ মাস এবং রুবেল ইসলাম ও শাহেদ ইসলামকে ৬ মাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

‎দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, গত তিন দিনে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎উল্লেখ্য, দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত ‘হ্যালো মিনিস্টার’ অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্থানীয় প্রশাসনকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন।

সম্পর্কিত