বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষে উপজেলার গরীব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় পঞ্চগড়-২ আসনের সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৪৬৫ জন নারীকে একটি করে শাড়ি ও ১০ কেজি চাল এবং ১ হাজার ১৬৫ জন পুরুষকে এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় দেশের অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতা, খাদ্য সহায়তা, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত নানা কার্যক্রম ইতোমধ্যে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন ও উৎসবমুখর সময়ে যাতে কোনো মানুষ দুঃখ-কষ্টে না থাকে, কেউ যেন অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়- সে লক্ষ্যে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে এবং সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেবীগঞ্জ উপজেলায় সরকারি সহায়তা প্রদান কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই অনিয়ম, দুর্নীতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেন, যদি কেউ এই সহায়তা কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান, যাতে প্রকৃত উপকারভোগীরা যথাযথভাবে সরকারি সুবিধা পেতে পারে এবং একটি স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত হয়।
উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, উপজেলায় রাস্তা-ঘাট পাকা করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি বেকারত্ব দূর করতে একটি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।











