হাসান আলী সবুজ (স্টাফ রিপোর্টার):
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাছুর খামার এলাকায় কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মার্চ ২০২৬) বিকেলে শহীদ খালেকুজ্জামান ঈদগাহ মাঠে এ মাহফিলের আয়োজন করেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম আলম।
মাহফিল উপলক্ষে বিকাল থেকেই এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদগাহ মাঠে উপস্থিত হতে শুরু করেন। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, কোরআন তিলাওয়াত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ধর্মীয় আলোচনায় বক্তারা বলেন, ইসলাম ধর্মে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআন ও হাদিসে মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা এবং তাদের মাগফেরাত কামনার গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, মানুষ মৃত্যুর পর তার পার্থিব আমল বন্ধ হয়ে যায়। তবে জীবিত মানুষের দোয়া, সদকা এবং নেক আমলের সওয়াব মৃত ব্যক্তিদের উপকারে আসে। তাই কবরবাসীদের জন্য নিয়মিত দোয়া করা এবং এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মাঝে ঈমানি চেতনা বৃদ্ধি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাহফিলে স্থানীয় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আয়োজক শহিদুল ইসলাম আলম বলেন, “রমজানের এই পবিত্র মাসে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা চাই সবাই যেন মৃতদের জন্য দোয়া করি এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়।”













