বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে টঙ্গীতে ২ দিন ব্যাপী চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ 

নিজস্ব প্রতিবেদকঃ

গত ১০ ও ১১ মার্চ ২০২৬ গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত টঙ্গী এলাকায় নগর দরিদ্র জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি সুরক্ষায় সাজেদা ফাউন্ডেশনের নগর উন্নয়ন কর্মসূচি “সুদিন”এর আয়োজনে আরজিআইএল ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় “সুদিন” প্রকল্পের ৩৫ উর্দ্ধ সদস্যদের বিনামূল্যে ২ দিন ব্যাপী নিকট দৃষ্টি ত্রুটি পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
টঙ্গীর কলাবাগান, জিন্নাত মহল্লা, নিষাদ নগর এবং কড়ইতলা বস্তিতে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত চক্ষু ক্যাম্পে মোট ৫৬০ নারী ও পুরুষের প্রেসবায়োপিয়া বা নিকট দৃষ্টি ত্রুটি পরীক্ষা করে ৩৭৪ জন নারী ও ১৪১ পুরুষকে বিনামূল্যে চশমা বিতরন করা হয় । বাংলাদেশে ৩৫ বছর বা তদুর্দ্ধ বয়সের জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রেসবায়োপিয়ায় ভোগে, যার ফলে তাদের নিকট দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং দৈনন্দিন কাজকর্ম ও সৃজনশীল কাজে বিঘ্ন ঘটে, ব্যক্তির উৎপাদনশীলতা হ্রাস পায়। রিডিং গ্লাসেস ফর ইম্প্রুভড লাইভলিহুডস প্রকল্পটি সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে বর্তমানে দেশের ২৮ টি জেলায় বাস্তবায়িত হচ্ছে । সাজেদা ফাউন্ডেশন এর “রিডিং গ্লাসেস ফর ইম্প্রুভড লাইভলিহুডস” প্রকল্পের ব্যবস্থাপক ডা. খাদিম আল দ্বীন বলেন, “অনেক মানুষ ছোট একটি চশমার অভাবে কাজের সক্ষমতা হারিয়ে ফেলেন। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা তাদের সহজ সমাধান পৌঁছে দিতে পারছি, যা তাদের দৈনন্দিন জীবন ও জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।”
উল্লেখ্য সাজেদা ফাউন্ডেশন এবং ভিশন স্প্রিং এর অংশীদারিত্বে “রিডিং গ্লাসেস ফর ইম্প্রুভড লাইভলিহুডস” প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৬০ হাজার মানুষের চোখ পরীক্ষা করে প্রায় ৮৫ হাজার মানুষকে চশমা বিতরণ করা হয়েছে।
নগর উন্নয়ন কর্মসূচি “সুদিন”–এর প্রজেক্ট ম্যানেজার গীতশ্রী পোদ্দার গীত বলেন, “নগর দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবিকায় সহায়ক সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চোখের ক্যাম্পের মাধ্যমে অনেক মানুষ তাৎক্ষণিকভাবে উপকার পেয়েছেন, যা তাদের কাজ ও জীবনে নতুন সম্ভাবনা তৈরি করবে।”
চক্ষু ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশন এর “রিডিং গ্লাসেস ফর ইম্প্রুভড লাইভলিহুডস” প্রকল্পের ফিল্ড অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তারিকুল আলম, জোনাল ম্যানেজার মো. হাবিবুর রহমান, সুদিন নগর উন্নয়ন কর্মসূচির টিম লিড তানভীর আঞ্জুম তুষার, সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. আসাদুজ্জামান রিগ্যান ও জুয়েল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাজেদা ফাউন্ডেশন আগামীতেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে আশাবাদী।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত