বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে সনাতনী সমাজ কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলার সনাতনী সমাজ প্রমাণ করেছে যে, তারা কোনো নির্দিষ্ট একটি দলের নয়; বরং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে অন্তরে ধারণ করে এবং একাত্তর ও স্বাধীনতার প্রশ্নে আপোষহীন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সনাতনী সমাজের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছিল দেশ ও স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে শক্তির মধ্যকার একটি তাৎপর্যপূর্ণ লড়াই।
প্রতিমন্ত্রী আজাদ বলেন, বোদা-দেবীগঞ্জ উপজেলার সনাতনী সমাজ আমাকে বিপুল সমর্থন দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। সনাতনী সমাজের এই অবদান তিনি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবেন।
তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সনাতনী সমাজের এ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সনাতনী সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন এবং আমাকে বিজয়ী করেছেন। এখন আপনাদের প্রতি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করাই আমার অঙ্গীকার। আপনারা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ধর্মীয় পূজা-অর্চনা করতে পারেন এবং উন্নত জীবনযাপন করতে পারেন- সে পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমার জন্য আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদেশ্বরী শক্তিপীঠের সভাপতি মুকুল কুমার বকশী, পঞ্চগড় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায়সহ দুই উপজেলার সনাতনী সম্প্রাদায়ের নেতৃবৃন্দ এবং দেবীগঞ্জ ও বোদা উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ। এসময় সনাতনী নেতৃবৃন্দ মাননীয় প্রতিমন্ত্রীর নিকট বিভিন্ন দাবি পেশ করে বক্তব্য প্রদান করেন।











