বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

উত্তরাঞ্চলের প্রত্যাশার প্রতীক: দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কৃতি সন্তান, বিএনপির রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক, তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রণালয় পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা এবং উত্তরের মানুষের কাছে তার বিপুল জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচিত এই জননন্দিত নেতা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সংসদীয় রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় অধ্যক্ষ দুলুর অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে সময় উত্তরবঙ্গের মঙ্গা নিরসন, খাদ্য নিরাপত্তা ও ত্রাণ ব্যবস্থাপনায় তার কার্যকর ভূমিকা দেশজুড়ে প্রশংসিত হয়। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার তাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিজ নির্বাচনী এলাকা ও সাংগঠনিক কর্মকাণ্ডে দৃঢ় অবস্থান, জনকল্যাণমুখী আন্দোলনে সক্রিয় নেতৃত্ব এবং দল-মত নির্বিশেষে মানুষের পাশে থাকার কারণে তিনি ‘জনপ্রিয় নেতা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে তিস্তা নদী রক্ষা আন্দোলনে দীর্ঘদিনের নেতৃত্ব তাকে উত্তরাঞ্চলের মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ১৯৫৭ সালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন শিক্ষাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন এবং লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ কারণেই সর্বমহলে তিনি ‘অধ্যক্ষ দুলু’ নামেই অধিক পরিচিত।
পূর্ণমন্ত্রীর শপথ গ্রহণের পর লালমনিরহাটসহ পুরো রংপুর বিভাগে বইছে আনন্দের আমেজ। দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যাশা—অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং বাস্তবায়নের পথে এগোবে তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক উন্নয়ন উদ্যোগ।
রংপুর বিভাগের মানুষের বিশ্বাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যক্ষ দুলুর অভিজ্ঞ নেতৃত্ব দেশের দুর্যোগপ্রবণ অঞ্চলে কার্যকর ও মানবিক সহায়তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত