আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা পুলিশের দুই সদস্য পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে উন্নীত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইন্সে এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—এসআই (সশস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ও এসআই (সশস্ত্র) মোঃ আব্দুর রশিদ। দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই তাদের এ পদোন্নতি হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, পদোন্নতি যেমন গৌরবের, তেমনি দায়িত্বও বহুগুণে বৃদ্ধি পায়। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মোঃ জিন্নাহ আল মামুন; পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ও আরআই মোঃ সফিকুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সহকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জেলা পুলিশের এ ধরনের স্বীকৃতি ও উৎসাহমূলক কার্যক্রম সদস্যদের পেশাগত মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।













