বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দুইটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এবং পঞ্চগড়-১ (সদর-আটোয়ারী-তেতুলিয়া) আসনে ব্যারিস্টার নওশাদ জমির বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারী) রাত ১১টায় ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন ১,৭৪৬৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী সফিউল আলম (সুফি) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২৮৮৬২ ভোট। ফলে ফরহাদ হোসেন আজাদ ৪৫৭৮৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১,৮৫৪ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত মো. আশরাফুল আলম কাস্তে প্রতীকে ৯৩৫ ভোট, বাংলাদেশ জাসদ মনোনীত মো. এমরান আল আমিন মোটরগাড়ি প্রতীকে ৯৫৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. কামরাল হাসান প্রধান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪,৩৯১ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত দেলোয়ার হোসেন একতারা প্রতীকে ১,৩৫২ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২,১৫২ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ৭,১৫৮টি।
পঞ্চগড়-২ আসনে ১৩৩টি(পোস্টাল ভোটসহ) ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪,১৭৫২৯ জন এর মধ্যে ভোট প্রদান করেছেন ৩,১৫১৪৯ জন, যা মোট ভোটের প্রায় ৭৭.১৯ শতাংশ।
অপরদিকে পঞ্চগড়-১ (সদর- আটোয়ারী- তেতুলিয়া) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৬৮,৫০১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১,৪৫,৬২৯ ভোট। এতে নওশাদ জমির ২২,৮৭২ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “সারাদিন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে”। এজন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।







