মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

এমপি হলে পুরোহিত-ইমাম, ছাত্র-দিনমজুর নিয়ে উপদেষ্টা পরিষদ গড়বো- ড. আতিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত হলে পুরোহিত, ইমাম, ছাত্র ও দিনমজুরসহ সাধারণ মানুষের প্রতিনিধিত্বে একটি উপদেষ্টা পরিষদ গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ। এই উপদেষ্টা পরিষদের পরামর্শে তিনি তার পরবর্তী পাঁচটি বছর কাজ করবেন বলেও জানান তিনি।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাটে ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. আতিক মুজাহিদ।

তিনি বলেন,
“আমি এমপি হলে একক সিদ্ধান্তের রাজনীতি করবো না। পুরোহিত-ইমাম, ছাত্র-দিনমজুর, সব শ্রেণির মানুষকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করবো, যারা আমার কাজে পরামর্শ দিবে ও জবাবদিহিতা নিশ্চিত করবে। আমি কুড়িগ্রামের মানুষের কাছে দায়বদ্ধ থাকতে চাই।”

রাজারহাটের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন,
“কুড়িগ্রামে মাত্র একটি আন্তঃনগর ট্রেন রয়েছে- কুড়িগ্রাম এক্সপ্রেস। দুঃখজনক হলেও সত্য, এই ট্রেনটি এক মিনিটের জন্যও রাজারহাটে থামে না। জনগণ আমাকে দায়িত্ব দিলে ইনশাআল্লাহ রাজারহাটে কুড়িগ্রাম এক্সপ্রেসের স্টপেজ নিশ্চিত করবো।”

এছাড়াও তিনি গতিয়াশাম গ্রাম রক্ষায় তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর উদ্যোগ, রাজারহাট বাজারে একটি বাইপাস সড়ক নির্মাণ এবং সনাতনী সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের কুড়িগ্রাম-২ আসনের সাবেক মনোনীত প্রার্থী ইয়াছিন আলী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোঃ শাহজালাল সবুজ, রাজারহাট উপজেলা আমীর মোঃ কফিল উদ্দিন, সেক্রেটারি আহমাদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজারহাট পশ্চিম শাখার সভাপতি মোঃ সুজন মিয়া, জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা সভাপতি মুকুল মিয়া, সেক্রেটারি মাসুম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী, উপজেলা ছাত্রশক্তির সভাপতি হাসান মেহেদী, খেলাফত মজলিসের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোঃ নুরুজ্জামানসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণটি জনসভাকালে লোকে লোকারণ্য হয়ে ওঠে। নারী ও শিশুদের উল্লেখযোগ্য উপস্থিতি জনসভাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

জনসভা শেষে ড. আতিক মুজাহিদের নেতৃত্বে একটি বিশাল মিছিল রাজারহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সম্পর্কিত