সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ৪

দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ৪বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
‎পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নীল কুমার (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

‎রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের শেখ বাঁধা এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
‎নিহত নীল কুমার ওই ইউনিয়নের তেপুপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি মৃত উপেন রায়ের পুত্র।
আহত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁ জেলার রুহিয়া উপজেলার তালতলী গ্রামের প্রতাপের ছেলে পায়েল (১৪), দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকার জয়নুলের ছেলে আল আমিন (৩০), একই ইউনিয়নের বাবু পাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে বিপুল (২৭) এবং গোপাল চন্দ্রের ছেলে আদিত্য (১০)।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় নীল কুমার ভাউলাগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে শেখ বাঁধা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার সরাসরি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নীল কুমার মারা যান। বাকি চারজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

সম্পর্কিত