অনলাইন ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে যান তারা।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের কন্যা জাইমা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তাঁর কন্যা জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় জিয়া উদ্যানে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
পরিবারের সদস্যরা খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। স্বজনদের নীরব প্রার্থনায় সেখানে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার আবহ বিরাজ করে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার ইন্তেকালে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকায় জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়ে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই জিয়া উদ্যানে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।







