শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

দেবীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জে দন্ডপাল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলীকে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভার কাচারীপাড়া এলাকায় অবস্থিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে তাকে ছাত্র-জনতার হাতে আটককৃত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তিনি দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, দেবীগঞ্জ থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আজগর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে বিকেলে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুন পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার বাসিন্দা মো. জুয়েল রানা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ মোট ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মামলার এজাহারে অজ্ঞাতনামা আরও আনুমানিক ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত আসামিরা রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকে অংশগ্রহণ করেন এবং পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়ে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। এছাড়া ইসলামী ব্যাংকসহ বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িতে হামলা চালানোর ষড়যন্ত্রে তারা সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

সম্পর্কিত