বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিনয়পুর গ্রামের কৃষক ভুপেন্দ্রনাথ রায় ও শিক্ষিকা শান্তনা রানী মহন্তর যমজ দুই কন্যা পুজা রানী রায় ও পলি রানী রায় একসঙ্গে মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় পুজা কুষ্টিয়া মেডিক্যাল কলেজে এবং পলি নীলফামারি মেডিক্যাল কলেজে নির্বাচিত হয়েছেন।
মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে উঠে আসা দুই বোনের এই সাফল্যে গ্রামজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। প্রাথমিক ও মাধ্যমিকে বৃত্তি ও গোল্ডেন জিপিএ অর্জনের পাশাপাশি এইচএসসিতেও তারা গোল্ডেন জিপিএ ও ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন।
দীর্ঘদিনের কঠোর অধ্যয়ন ও পারস্পরিক সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে বলে জানান তারা। ভবিষ্যতে পলি গাইনোকলজিস্ট হয়ে মাতৃস্বাস্থ্য উন্নয়নে এবং পুজা কার্ডিওলজিস্ট হয়ে হৃদরোগে আক্রান্ত মানুষের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তাদের এই অর্জনের পেছনে বাবা-মায়ের ত্যাগ, অনুপ্রেরণা এবং বড় বোন যুক্তি রানী রায়ের দিকনির্দেশনার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তারা।







