শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫’ পেলেন সিরাজগঞ্জের তরুণ সংগঠক মো. আবু সালেহ মুছা নয়ন

 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাশ্রমের অসাধারণ অবদানের জন্য ‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫’ অর্জন করেছেন সিরাজগঞ্জের তরুণ সমাজকর্মী মো. আবু সালেহ মুছা নয়ন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ভলান্টিয়ারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশ তাঁকে এ সম্মাননা প্রদান করে।

“প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ”—এ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সোমবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উদযাপন করা হয়। বর্ণাঢ্য আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত সেরা ১৫ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা দেওয়া হয়। এর মধ্য থেকে সিরাজগঞ্জের মো. আবু সালেহ মুছা নয়ন পান ‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫’।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ভিএসও বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস) এবং ন্যাশনাল ইয়ুথ ফোরাম (এনওয়াইএফ)। অংশ নেয় গেইন, আইপাস বাংলাদেশ এবং ইসলামিক রিলিফসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফর্বস এবং সুইডেন দূতাবাসের কর্মকর্তা নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রম। উদ্বোধনী বক্তব্য দেন ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামাল।
নয়ন খানের সামাজিক অবদান
বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাওয়া নয়ন খান যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধিত সংগঠন ‘নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরাম, সিরাজগঞ্জ’–এর প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জ, জাতীয় যুব ফোরাম বাংলাদেশ, সুখপাখি, রেড লাভ, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে মানবিক কাজে যুক্ত।
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সিংগারগাতী গ্রামের বাসিন্দা নয়ন খান বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন।
২০১৪ সাল থেকে যমুনা নদীবর্তী সিরাজগঞ্জ ও এর চরাঞ্চলে অসহায় মানুষের উন্নয়নে তিনি কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে ২০১৯ সালে ‘নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরাম’ সরকারি নিবন্ধন লাভ করে।
শিশুদের নিয়ে মেহেদি উৎসব, ঈদ সালামি বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বাল্যবিবাহ প্রতিরোধ, শীতবস্ত্র বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, মাদকবিরোধী সচেতনতা, যুবদের কম্পিউটার প্রশিক্ষণ ও কর্মসংস্থান—এমন অসংখ্য মানবিক কার্যক্রম তিনি সফলভাবে পরিচালনা করেছেন।
‘তারুণ্যের পাঠাগার’—জ্ঞানচর্চার নতুন কেন্দ্র
তাঁর প্রতিষ্ঠিত “তারুণ্যের পাঠাগার” বর্তমানে সিরাজগঞ্জের তরুণদের জন্য জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।
“অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই”—এই স্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা পাঠাগারটি নিয়মিত পাঠচক্র ও বই পড়ার সংস্কৃতি গড়ে তুলছে।

পুরস্কার পেয়ে নয়ন খান বলেন—
“Best Volunteer Award 2025 পেয়ে আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ।
অন্যের পাশে দাঁড়ানোর চেয়ে বড় পুরস্কার আর কিছু নেই।
এই অর্জন নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরাম, জাতীয় যুব ফোরাম, প্রথম আলো বন্ধুসভা এবং সিরাজগঞ্জের সকল স্বেচ্ছাসেবীর।
আমি এই পুরস্কার পুরো সিরাজগঞ্জবাসীকে উৎসর্গ করছি।”

সামাজিক উন্নয়ন, মানবিকতা ও স্বেচ্ছাসেবায় নিবেদিত প্রাণ এই তরুণ দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর কর্মস্পৃহা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ তাঁকে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে।

সম্পর্কিত