গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে নির্বাচনী তৎপরতা বাড়ছে। মনোনয়ন–প্রত্যাশী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জাহিদ হাসান জীবন শনিবার দিনভর ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান।
সকালে ফুলছড়ি হাট থেকে প্রচারণা শুরু করেন তিনি। হাট ও ঘাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। দোকানদার, ব্যবসায়ী, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষের কাছে গিয়ে দলীয় প্রতীক শাপলা কলিয় ভোট চান। স্থানীয় উন্নয়ন, শান্তি–শৃঙ্খলা এবং সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
গণসংযোগ চলাকালে জাহিদ হাসান জীবন বলেন, ‘ফুলছড়ি–সাঘাটা আমার নিজের এলাকা। মানুষের দুঃসময়–সুখে পাশে থাকার চেষ্টা করেছি। দায়িত্ব পেলে নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ এলাকায় দৃশ্যমান পরিবর্তন আনতে চাই।’
দলীয় নেতাকর্মীরাও এ প্রচারণায় অংশ নেন। গণসংযোগকে ঘিরে হাট–ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। স্থানীয়দের মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই এই আসনের প্রতিদ্বন্দ্বিতা উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।










