বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি ও ভোক্তা অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করেন পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম উদ দৌলা। অভিযানের সময় তিনি বাজার এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযানে অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও মানহীন পরিবেশে খাদ্য উৎপাদন, প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে খাদ্য সামগ্রী প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে দেবীডুবা ইউনিয়নের হাসিখুশি চানাচুর কারখানাকে ৮ হাজার টাকা এবং সোনালি বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম উদ দৌলা বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের আইনি দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার। তাই বাজারে বিক্রিত খাদ্যপণ্যগুলো যেন মানসম্মত, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করে ভোক্তাদের অস্বাস্থ্যকর বা মানহীন পণ্য সরবরাহ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং প্রয়োজন হলে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।”
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। তিনি অভিযানের পুরো কার্যক্রম তদারকি করেন এবং ভোক্তা অধিকার আইনের প্রযোজ্য ধারাগুলো বাস্তবায়নে সহায়তা করেন। এ সময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম নিরাপত্তা ও কার্যকর সহযোগিতা প্রদান করে অভিযানের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেয়।







