রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মেনে চলি, বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন করি এবং কিশোর-কিশোরীদের নিজেদের সুরক্ষা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার যাদুরচর কিশোর-কিশোরী ক্লাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিশোর-কিশোরীরা দলগতভাবে বাল্যবিবাহ, অধিকার সচেতনতা ও সুরক্ষা বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য বড় একটি অভিশাপ। এর কারণে একটি কিশোরীর সুন্দর শৈশব ও ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। বাল্যবিবাহ প্রতিরোধে কেবল সরকার নয়, পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে। কিশোর-কিশোরীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের সঠিক তথ্য ও শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার মাসুদ পারভেজ রুবেল, শিক্ষক নাসির হোসেন নিলয়, রুনা আক্তারসহ ক্লাবের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে যাদুরচর যুব সমাজ কল্যাণ সংস্থা (JJSKS), সহযোগিতায় ছিল চাইল্ড, নট ব্রাইড সিএনবি প্রজেক্ট প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, RDRS বাংলাদেশ।








