সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাহিনুর রহমান :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেবীগঞ্জে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে দেবীগঞ্জ বিজয় চত্বরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এসময় দলের নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে বিজয় চত্বরে সমবেত হন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র তৈহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন ও গণতন্ত্রহীন পরিবেশ থেকে মুক্তি পেতে হলে বিএনপির নেতৃত্বেই দেশকে এগিয়ে নিতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীকে উৎসবমুখর করে তোলে।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং শহীদ জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত