স্বপ্না আক্তার নীলফামারী:
বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তির পথকে আরও সহজ ও তথ্যভিত্তিক করতে নীলফামারী জেলা জজ আদালতে “আইনী তথ্য ও সেবা কেন্দ্র” উদ্বোধন করা হয়েছে। মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, নীলফামারী,২৯ মে ২০২৫ বিকেলের দিকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিয়া। মাননীয় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: এনামুল হক বসুনিয়া, বেগম আরিফা ইয়াসমিন মুক্তা সহ অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ,আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক ও বিচারপ্রার্থী সাধারণ জনগণ।এই তথ্য ও সেবা কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো—বিচারপ্রার্থী ব্যক্তিদের আদালতের কার্যক্রম, মামলার অগ্রগতি, শুনানির তারিখ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সহজভাবে জানানো। পাশাপাশি, আদালতের সাথে সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ বা পরামর্শ প্রদান করার সুযোগও থাকবে এই কেন্দ্র থেকে।সেবাকেন্দ্রে সার্বক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত একজন প্রশিক্ষিত স্টাফ হেল্প ডেস্কে উপস্থিত থাকবেন, যিনি আগত জনগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করবেন। এছাড়াও, একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যার মাধ্যমে বিচারপ্রার্থীরা টেলিফোনে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেতে পারবেন।
আইনগত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিচার বিভাগ যে নাগরিকবান্ধব ও জনমুখী উদ্যোগ নিচ্ছে, এই তথ্য ও সেবা কেন্দ্র তার একটি প্রতিফলন। নীলফামারী জেলা জজ আদালতের এ উদ্যোগ ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন।










