পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ের দেবীগঞ্জে হামলা ও হত্যাচেষ্টা মামলায় দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার রাত ৮ টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনুপম রায় একই ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত অনন্ত রায়ের ছেলে। অনুপম দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক ১৮ অক্টোবর ৪২ জনের নাম উল্লেখসহ ১২০০ জনকে অজ্ঞাত আসামী করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঐ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনুপমকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় অনুপমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার অনুপম আওয়ামী শাসনামলে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্বসাতসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। ৫ আগষ্ট পরবর্তী তিনি অবৈধ পথে ভারতে গিয়ে আত্মগোপন করেন। সচেতন মহলের ধারনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সম্প্রতি সে পূনরায় বাংলাদেশে প্রবেশ করেছে।










