শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বিশ্বব্যাপী আহুত গাজাবাসীর হরতালের সমর্থনে গোবিন্দগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ মিছিল

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার, গোবিন্দগঞ্জ:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্বব্যাপী আহুত মজলুম গাজাবাসীর হরতালের প্রতি একাত্মতা প্রকাশ করে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জুমা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘গাজা নির্যাতনের প্রতিবাদ চাই’, ‘ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ কর’, ‘মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও’—এমন সব স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। তারা মানবতার পক্ষে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “গাজাবাসীর ওপর যে অমানবিক ও নির্মম হত্যাযজ্ঞ চলছে, তা সভ্য বিশ্বে নজিরবিহীন। আমরা মুসলিম উম্মাহ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই এবং সকল মুসলিম দেশকে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই।”
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা বলেন, গাজার শিশুর কান্না, নারীর আর্তনাদ ও নিরীহ মানুষের রক্ত—সবকিছুই আমাদের বিবেককে নাড়া দেয়। তাই শুধু কথায় নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হয়।
মিছিলে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

সম্পর্কিত