নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন
সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভ সামনে এসে মানববন্ধন করেন তারা।আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, দেশে এত ধর্ষণ, এত শ্লীলতাহানি, এতকিছুর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে।। যে কারণে এখানে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষেরা একত্রিত হয়েছি। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের এরকম একটি জায়গায় দাঁড়াতে হচ্ছে এটা আসলে লজ্জাজনক। তবুও এ লজ্জা নিয়ে এগিয়ে যেতে চাই।
তারা আরও বলেন, ‘দেশে একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানি ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু, আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এটার দায়ভার এ সরকারকে নিতে হবে। অনতিবিলম্বে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই- এই দাবিতে আমরা এখানে এসেছি।
এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন, যেখানে নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের আহ্বান জানানো হয়। শুধুমাত্র কঠোর আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফয়সাল আহমেদ সাগর, আব্দুল আজিজ নাহিদ, জাহিদ হাসান, সাদিকুর রহমান, খন্দকার আল ইমরান, মুহি, জান্নাতুর তহুরা তন্বী প্রমুখ।










