শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মোঃমকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারী:

পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত ব্যক্তি চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন।

শনিবার (৮ মার্চ) ভোরে সীমান্তের সুইডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিন জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভোররাতে ১০-১৫ জনের একটি দল সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে ভারতের ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের দেখতে পায়। এ সময় বিএসএফ গুলি চালালে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আল আমিন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়।

ঘটনার পর নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠকে মিলিত হন। বৈঠকে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, বিএসএফ দাবি করেছে, ভারত ও বাংলাদেশের ১০-১৫ জন চোরাকারবারি তাদের ওপর আক্রমণ চালালে আত্মরক্ষার্থে তারা গুলি ছোড়েন।

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে আল আমিনের পরিবার। তার স্ত্রী, সন্তান ও স্বজনরা এখন মরদেহ ফেরতের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

সম্পর্কিত