মোঃমকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারীঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে, মঙ্গলবার শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।
২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে, ২০১১ সালের ৮ আগস্ট আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন।
মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীতে একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা গ্রহণ করেন। এই লেনদেন সিঙ্গাপুরে সম্পন্ন হয় এবং মামুন উক্ত অর্থ সিঙ্গাপুরের সিটি ব্যাংক এনএ-তে তার নামে থাকা ব্যাংক হিসাবে জমা করেন। পরবর্তীতে, এই অর্থ থেকে তিন কোটি ৭৮ লাখ টাকা তারেক রহমানের জন্য খরচ করা হয়।
গিয়াসউদ্দিন আল মামুনের আপিলের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার পাশাপাশি তারেক রহমানকেও খালাস দেন। তবে ১৭ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরে আত্মসমর্পণ না করায় তিনি নিজে আপিল করতে পারেননি।













