মোঃমকবুলার রহমান,স্টাফ রিপোর্টার,নীলফামারীঃ
গুম সংক্রান্ত তদন্ত কমিশন এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এক অধ্যায় হয়ে থাকবে। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল গুমের ঘটনা তদন্ত এবং এর অগ্রগতি নিয়ে আলোচনা।
কমিশনের সদস্যরা প্রফেসর ইউনূসকে গুমের ভয়াবহ চিত্র তুলে ধরেন এবং তাকে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল,’ যা সাধারণত ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শনের অনুরোধ জানান। তাদের মতে, প্রধান উপদেষ্টার এ ধরনের পদক্ষেপ গুমের শিকার ব্যক্তিদের মধ্যে আশ্বাস ও সাহসের সঞ্চার করবে। বৈঠকে কিছু গুমের ঘটনার নির্মম বিবরণ উঠে আসে, যার মধ্যে এমনকি ছয় বছর বয়সী একটি শিশুর গুমের ঘটনাও রয়েছে।
প্রফেসর ইউনূস কমিশনের বক্তব্য শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের তদন্তে উঠে আসা ঘটনাগুলো অত্যন্ত মর্মান্তিক এবং গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করব।” তার এ ঘোষণায় কমিশনের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং গুমের তদন্তে এটি একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়।










